ময়মনসিংহে ১০০ জটিল রোগীকে সরকারের অর্ধ কোটি টাকার চিকিৎসা সহায়তা

প্রকাশ :
সংশোধিত :

ময়মনসিংহে ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসের মতো মারাত্মক ও ব্যয়বহুল ব্যাধিতে আক্রান্ত ১০০ জন অসহায় রোগীর মুখে হাসি ফুটেছে। চিকিৎসার ব্যয়ভার মেটাতে এসব রোগীর মাঝে সরকারের পক্ষ থেকে মোট ৫০ লাখ (অর্ধ কোটি) টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কনফারেন্স হলে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ জন নির্বাচিত রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার অনুদান দেওয়া হয়।
চিকিৎসাসেবা ও মানবিকতার অনন্য সমন্বয় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে রোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই অনুদান সম্পূর্ণ নিরাময় সম্ভব না করলেও দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি জোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, মমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মো. জাকিউল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মুহাম্মদ মাইনুদ্দিন খান, সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিস সরদার এছাড়াও হাসপাতালের রেডিওথেরাপী বিভাগের আবাসিক চিকিৎসকসহ সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপকারভোগী রোগীরা জানান, "গুরুতর অসুস্থতায় যখন চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ছিল, তখন সরকারের এই অনুদান আমাদের জন্য এক বড় আশীর্বাদ।"


For all latest news, follow The Financial Express Google News channel.